“মা”-এর মানসিক স্বাস্থ্য

জীবনের বিভিন্ন ট্রানজিশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশন হলো বাবা-মায়ের ভূমিকায় যাওয়া। একটি সন্তানকে পৃথিবীতে আনার সাথে সাথে আমাদের নতুন একটি ভূমিকা শুরু হয়। আমরা ভুলে যাই, সে সময় শুধু সন্তানেরই জন্ম হয় না—নতুন করে জন্ম হয় একজন বাবা ও একজন মায়েরও।
একটি বাচ্চা হওয়ার সাথে সাথে সবাই বাচ্চার যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়ে। খেয়াল করলে দেখবেন, হাসপাতালে নবজাতক দেখতে গেলে সবাই আগে বাচ্চার জন্য উপহারের কথা ভাবেন। কিন্তু যে মানুষটি এত কিছু সামলে এই নতুন জীবন পৃথিবীতে আনলেন, তাঁর খবর নিতেই আমরা ভুলে যাই। আমরা ধরে নিই—"সে তো মা, তার পক্ষে সবই সম্ভব।" যেন মা হওয়া মানেই সে আর মানুষ নয়, সব কিছুর ঊর্ধ্বে তার অবস্থান।
মনে রাখা জরুরি, সে আগে একজন মানুষ, তারপর একজন মা। মা হওয়া তার একটি ভূমিকা, যার দায়িত্ব হয়তো একটু বেশি। আর দশজন স্বাভাবিক মানুষের মতোই তার শরীর খারাপ হবে, রাতে ঘুম পাবে, কোনো দিন হয়তো খাবারে লবণ দিতে ভুলে যাবে। এই সময়টাতে তার আরও বেশি যত্ন নেওয়া উচিত এবং তাকে পূর্ণ বিশ্রামের সুযোগ করে দেওয়া উচিত।
মা যদি ভালো থাকেন, তাহলে বাচ্চাও ভালো থাকবে।




