অতিরিক্ত চিন্তা থেকে বাঁচার উপায়

স্বাভাবিক ও প্রয়োজনীয় চিন্তা আপনার সমস্যার সমাধানে সাহায্য করে। কিন্তু এই চিন্তা যদি প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে অনেকে মানসিক সমস্যাতেও পড়েন। 'বেশি চিন্তা' মন ও শরীরের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি করে, যা দৈনন্দিন কাজে প্রভাব ফেলে ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। এই অতিরিক্ত চিন্তা একটি চক্রের মতো—যত জোর করে বেরিয়ে আসতে চাইবেন, ততই জড়িয়ে যাবেন। বিশেষত অলস বসে থাকলে এই চিন্তা বেশি আসে। কথায় আছে, "অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।"
পরিত্রাণের উপায়
কোনো সমস্যা থেকে বেরোনোর প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিত করা। দুশ্চিন্তা করা স্বাভাবিক, কিন্তু কখন তা অহেতুক ও অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটা বুঝতে শিখুন। বার বার একই বিষয়ে চিন্তা করা বা একই সিদ্ধান্তকে বারবার প্রশ্নবিদ্ধ করা—এগুলোই অহেতুক দুশ্চিন্তার লক্ষণ।
১। ডিস্ট্রাকশন মেথড: অতিরিক্ত দুশ্চিন্তা হলে নিজেকে অন্যদিকে সরিয়ে নিন—পছন্দের কোনো কাজে মন দিন, যেমন গান শোনা, ঘুরতে যাওয়া বা গল্প করা।
২। ওয়ারি টাইম (দুশ্চিন্তার নির্দিষ্ট সময়): অহেতুক দুশ্চিন্তা জোর করে দাবিয়ে রাখতে গেলে তা আরও বেশি আসে। বরং দিনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং ওই সময় ছাড়া অন্য সময়ে চিন্তা করবেন না। চিন্তা এলে নিজেকে বলুন, "আমার ওয়ারি টাইম অমুক সময়; আমি অবশ্যই ভাববো, তবে এখন নয়।"
৩। আচরণগত পরীক্ষণ (Behavioural Experiment): যে বিষয়ে দুশ্চিন্তা বা ভয় কাজ করে, সেটি সরাসরি যাচাই করে দেখুন। নেতিবাচক চিন্তা ভুল প্রমাণিত হলে পরে আর একই বিষয়ে দুশ্চিন্তা হবে না। যেমন, "রাস্তায় বেরোলেই কুকুর কামড় দেবে"—এটি সবসময় সত্যি নয়; কাউকে সঙ্গে নিয়ে যাচাই করে দেখুন।
৪। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম: নাক দিয়ে ৩ সেকেন্ড ধরে লম্বা শ্বাস নিন, ৬ সেকেন্ড ধরে রাখুন, তারপর ৮ সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। কয়েকবার করলে প্রশান্তি অনুভব করবেন।
৫। নিয়মিত ব্যায়াম: নিয়মিত ব্যায়ামে স্ট্রেস হরমোন কমে ও শরীর হালকা লাগে, ফলে অতিরিক্ত দুশ্চিন্তা কমে।
৬। নিজেকে ব্যস্ত রাখুন: ব্যস্ত থাকলে অহেতুক চিন্তার সময় কম পাবেন; অভ্যাস হয়ে গেলে দুশ্চিন্তা কমে যাবে।
৭। নিজের চিন্তাকে চ্যালেঞ্জ করা: নেতিবাচক চিন্তাগুলোকে পক্ষে-বিপক্ষে তুলনা করে একটি ইতিবাচক চিন্তা খুঁজে বের করুন।
৮। মাইন্ডফুলনেস অনুশীলন: এর মূল বিষয় বর্তমানে থাকা—এই মুহূর্তে যে কাজটি করছেন শুধু সেখানেই মনোনিবেশ করা। যেমন খাওয়ার সময় শুধু খাওয়ার প্রতিটি অনুভূতির দিকে মনোযোগ দেওয়া।
৯। ইতিবাচক মানসিকতা তৈরি করা: ফলাফল ভালো হবে না খারাপ হবে তা নিয়ে আমরা বেশি চিন্তিত থাকি; নেতিবাচক না ভেবে ইতিবাচক দিকটি দেখার চেষ্টা করুন।
১০। পারফেক্ট হওয়ার চিন্তা বাদ দিন: অতিরিক্ত নির্ভুল হতে গিয়ে অহেতুক দুশ্চিন্তা তৈরি হয়। মানুষ ভুল করতে পারে—এটি স্বাভাবিক, এটিকে মেনে নিন।





