পারফরম্যান্স অ্যাংজাইটি

গবেষণায় দেখা গেছে, যে কোনো কাজের আগে মানুষের মাঝারি মাত্রার ভয় বা অ্যাংজাইটি থাকলে পারফরম্যান্স ভালো হয়। কিন্তু তার চেয়ে বেশি হলে পারফরম্যান্স খারাপ হয়।
পরীক্ষা নিয়ে ভয় পাওয়া বা অ্যাংজাইটিতে ভোগা খুবই স্বাভাবিক। কিন্তু সেই ভয় যদি আপনাকে কাবু করে ফেলে, অসুস্থ করে তোলে, তাহলে সেটা চিন্তার বিষয়।
"পরীক্ষায় কী প্রশ্ন আসবে? আমি পারবো কি না? খারাপ করলে সবাই কী ভাববে? বাবা-মায়ের অনেক আশা আমার ওপর, সবার মান-সম্মান নষ্ট হবে"—এই প্রশ্নগুলো একটার পর একটা নেতিবাচক চিন্তার জন্ম দেয়, যা ব্যক্তিকে অস্থির করে তোলে, শ্বাস নিতে কষ্ট হয়। শুধু পরীক্ষা নয়, অফিসে বসের দেওয়া কাজ বা প্রেজেন্টেশন—যে কোনো কাজেই এমন পারফরম্যান্স অ্যাংজাইটি হতে পারে।
গবেষণায় দেখা গেছে, যেসব পরিবারে বাবা-মা সন্তানের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা রাখেন, সেখানে শিশুর মধ্যে এই ধরনের অ্যাংজাইটি তৈরি হয়, যা পরবর্তীতে যে কোনো কাজের ক্ষেত্রেই দেখা দেয়।
অ্যাংজাইটি দূর করতে ব্রিদিং রিলাক্সেশন ভালো কাজ করে। নিজের নেতিবাচক চিন্তাগুলো নিয়ে কাজ করলে খুব দ্রুতই এই অ্যাংজাইটি থেকে রেহাই পাওয়া সম্ভব। সম্পূর্ণ আরোগ্যের জন্য সাইকোথেরাপি ও প্রয়োজনে ওষুধ বেশ ভালো কাজ করে।





