রিসোর্স লাইব্রেরি
ব্লগকর্মক্ষেত্র· 4 min read

প্রেজেন্টেশন নিয়ে দুশ্চিন্তা?

৬ বার দেখা হয়েছে২৪/৭/২০২৬

নিজেকে অন্যদের কাছে সঠিক ও সুন্দরভাবে উপস্থাপন করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। কোনো ভুল বা হাস্যকর কিছু করে ফেললাম কি না, তা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ কাজ করে। আর সবচেয়ে বেশি উদ্বিগ্ন সম্ভবত আমরা তখনই হই, যখন কোনো প্রেজেন্টেশন বা ভাইভার সম্মুখীন হতে হয়।

দৈনন্দিন জীবনে, কাজ বা পড়াশোনার ক্ষেত্রে প্রায়ই আমাদের প্রেজেন্টেশন দিতে বা নিজেকে উপস্থাপন করতে হয়। প্রেজেন্টেশন নিয়ে উদ্বেগ একটি বহুল প্রচলিত সমস্যা। দুঃখজনকভাবে, যথেষ্ট জ্ঞান ও দক্ষতা থাকা সত্ত্বেও শুধু সুন্দরভাবে উপস্থাপন করতে না পারায় অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি না। অথচ কর্ম ও শিক্ষাক্ষেত্রে এই দক্ষতা খুবই জরুরি। নিচে প্রেজেন্টেশনে উদ্বেগ মোকাবিলা ও তা সুন্দর করার কিছু পদ্ধতি ভাগে ভাগে দেওয়া হলো।

পূর্ব প্রস্তুতি

  • জ্ঞান বৃদ্ধি: যে বিষয়ে বলবেন সে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করুন। যত বেশি জানবেন, তত সহজে বলতে পারবেন ও ভুলে যাওয়ার সম্ভাবনা কমবে। সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে আগে থেকে ভেবে রাখলে প্রশ্নোত্তরের দক্ষতা বাড়ে ও মানসিক প্রস্তুতি তৈরি হয়।
  • বক্তব্যের কাঠামো তৈরি: আগে থেকে যতটা সম্ভব স্ক্রিপ্ট তৈরি করুন—কী কী বিষয় থাকবে, কোন অডিও/ভিজ্যুয়াল উপাদান রাখবেন এবং সেগুলো কীভাবে সাজাবেন।
  • বার বার চর্চা: যত বেশি স্ক্রিপ্ট চর্চা করবেন, তত স্বাচ্ছন্দ্যে উপস্থাপন করতে পারবেন। সম্ভব হলে পরিচিত কারো সামনে বলে তাঁদের মতামত নিন, এতে আত্মবিশ্বাস বাড়বে।

শুরুর আগে করণীয়

  • যতটা সম্ভব আগে গিয়ে উপস্থিত থাকুন, এতে জায়গার সাথে পরিচিত হওয়া যায় ও উদ্বেগ কম হয়।
  • অংশগ্রহণকারীদের সাথে পরিচিত হয়ে আলাপচারিতা চালান—এটি নিজেকে সহজ করতে সাহায্য করে।
  • শুরুর আগে নিঃশ্বাসের ব্যায়াম বা অন্য কোনো রিল্যাক্সেশন পদ্ধতি ব্যবহার করুন।
  • পানি পান করুন, এতে কণ্ঠ শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পাবেন।
  • ইতিবাচক আত্মকথন: "আমি পারবো, আমার প্রস্তুতি ভালো"—এমন ইতিবাচক চিন্তা উদ্বেগ অনেকটাই কমায়। নেতিবাচক চিন্তার আধিক্য থাকলে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে কথা বলুন।

প্রেজেন্টেশনের সময় করণীয়

  • বক্তব্য প্রদানের কৌশল: তাড়াহুড়া না করে ধীরে ধীরে গুছিয়ে বলুন; তাড়াহুড়ায় শব্দ বেঁধে যেতে পারে বা মনোযোগ নষ্ট হতে পারে। আগে চর্চা করে নিলে বক্তব্য আরও প্রাসঙ্গিক ও সাবলীল হয়।
  • শারীরিক ভঙ্গি: আত্মবিশ্বাসী ভঙ্গি প্রকাশ করুন। হাসি নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে এবং অডিয়েন্সের সাথে সংযোগ তৈরি করে, তবে তা যেন অতিরিক্ত বা যান্ত্রিক না হয়। বসে না থেকে দাঁড়িয়ে বা হেঁটে বললে আত্মবিশ্বাস বাড়ে।

খেয়াল রাখতে হবে, ভয় বা উদ্বেগের পরিমাণ মাত্রাতিরিক্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ মনোবিদের সাথে কথা বলা জরুরি।